‘স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতি একদলীয় বাকশালী শাসনব্যবস্থায় রূপ পেয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি অংশ আধিপত্যবাদে প্ররোচিত হয়ে জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে। ৭ নভেম্বর সিপাহী জনতা ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাকে মুক্ত করে আনে। তাই ৭ নভেম্বর জাতির জন্য একটি ঐতিহাসিক দিন।’
শনিবার (৭ নভেম্বর) সকালে বিএনপি’র পালিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২ নম্বর গেইট এলাকার বিপ্লব উদ্যানে এক সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। এর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন।
দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।
এ সময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘৭ নভেম্বর সৃষ্টি না হলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ে দেশের মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন। দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র ও সার্ক প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়মূখী কর্মকান্ডের কারণে তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। একটি মহল জিয়াউর রহমানের সফলতায় ঈর্ষান্বিত হয়ে এখনও জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
তারা আরও বলেন, ‘৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশে নতুন করে বহুদলীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়। কিন্তু আজকের বাংলাদেশে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, জনগণের নিরাপত্তা কিছুই নেই। দেশ ও জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকীর মুখে। ক্ষমতাসীন অবৈধ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বাকশালের প্রেতাত্মার ঘৃণ্য থাবায় গোটা জাতি আজ বিক্ষুব্ধ। এমতাবস্থায় ৭ নভেম্বরের বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, এনামুল হক এনাম, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এডভোকেট এসএম ফোরকান, মঞ্জুর উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, কামরুল ইসলাম হোসাইনী প্রমুখ।
এফএম/এমএফও



