৬৪ কোটি টাকা আত্মসাৎ, জাবেদ-রুকমীলাসহ ১৫ জনের নামে দুদকের মামলা
প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই, ২৭ ভুয়া চুক্তি
আরামিট সিমেন্টের নামে ২৭টি ভুয়া চুক্তি বানিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ১৩ জনকে আসামি করা হয়েছে। নামসর্বস্ব ‘ক্লাসিক ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানকে সরবরাহকারী এবং আরামিট সিমেন্টকে মালামাল গ্রহণকারী হিসেবে দেখিয়ে এসব টাকা হাতিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাটি করা হয়।
২০১৭ সালে আরামিট সিমেন্টের জন্য ৩৫০ কোটি টাকার কার্যকরী মূলধন ঋণ অনুমোদন করা হয়। পরে ৫৪টি বাই-মুরাবাহা চুক্তির মাধ্যমে ২০৫ কোটি ৭ লাখ টাকা বিতরণ করা হয়। এরমধ্যে ২৭টি চুক্তির মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে।
দুদক উপ-পরিচালক মশিউর রহমান জানান, চট্টগ্রামের ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখা থেকে আরামিটের এজিএম জাহাঙ্গীর আলমকে সরবরাহকারী ও ব্যবসায়ী দেখিয়ে ৬৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের পক্ষে উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন বাদি হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন—সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, আরামিট সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা ও ইউসিবির সাবেক পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং আরামিট সিমেন্টের এজিএম একেএম মারুফ।
আরও রয়েছেন—ক্লাসিক ট্রেডিংয়ের মালিক ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখার প্রিন্সিপাল অফিসার মো. মহিউদ্দিন, প্রিন্সিপাল অফিসার (বিনিয়োগ) মোহাম্মদ আখতার হোসেন, প্রিন্সিপাল অফিসার ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবদুল করিম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শহিদুল্লাহ, এফএভিপি মুহাম্মদ নিজাম উদ্দীন, এসভিপি আবুল কালাম আজাদ, এসভিপি মোহাম্মদ মহসীন আলী এবং এসপিও রিদওয়ানুল হক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পরষ্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের এজিএম (হিসাব) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ক্লাসিক ট্রেডিংয়ের মালিক সাজানো হয়। আর মালামাল গ্রহণকারী সাজানো হয় আরামিট সিমেন্ট নামে প্রতিষ্ঠানকে। কিন্তু কোনো মালামাল সরবরাহ না করেই ভুয়া কাগজ ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকে থেকে বাই মুরাবাহা ডিল (ঋণ) অনুমোদন করে টাকা কর্মচারীর নামে ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয়।
দুদক জানিয়েছে, ইসলামী ব্যাংক চট্টগ্রাম জুবিলী রোড শাখা থেকে ২৭টি ডিল বাবদ ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা ধারায়, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারায় মামলাটি করা হয়।
তবে দুদকের অনুসন্ধানে ক্লাসিক ট্রেডিং নামের ওই প্রতিষ্ঠানের ঠিকানায় কোনো কার্যালয় বা গুদামের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির আমদানি-রপ্তানিরও কোনো প্রমাণ মেলেনি। এছাড়া ক্লিংকার, জিপসাম, চুনাপাথর, স্ল্যাগসহ বিভিন্ন কাঁচামাল সরবরাহের দাবি করে ব্যাংকে জমা দেওয়া ইনভয়েস ও নথিপত্রগুলোও ভুয়া।
ডিজে




