চট্টগ্রামে ৩২টি স্কুল ও সারাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ডিবেটিং ক্লাবসহ মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে দেশের অন্যতম বড় বিতর্ক প্রতিযোগিতা ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় যুক্তি, জ্ঞান ও চিন্তাচর্চার এই আয়োজন।
রবি আজিয়াটা পিএলসি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতার সমাপনী ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর। এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব ও জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, রবি আজিয়াটা পিএলসির সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাহফুজ সোবহান রনি।
দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাশসাফুল হক শেহজাদ, আহ্বায়ক সাইফুদ্দীন মুন্না, টুর্নামেন্ট ডিরেক্টর সাবের শাহ এবং দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি সাইফ চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম।
টানা ১৬ বছর ধরে সহ-আয়োজক হিসেবে পাশে থাকার কথা উল্লেখ করে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম বলেন, মানুষের মধ্যে থাকা কল্পনাশক্তির সঠিক পরিচর্যা করা গেলে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে।
তরুণদের সুসংগঠিত যুক্তিচর্চা, সাংস্কৃতিক সম্পৃক্ততা এবং ভিন্নমতকে সম্মান জানানোর আহ্বান জানান আসিফ ইকবাল।
দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল অনুষ্ঠানে আন্তঃস্কুল বিতর্ক আয়োজনের ৩১ বছর এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক আয়োজনের ২০ বছরের ধারাবাহিকতার কথা তুলে ধরেন। পাশাপাশি দীর্ঘ ১৬ বছর ধরে রবির ধারাবাহিক সহযোগিতার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সংগঠক শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, টুর্নামেন্ট কমিটির ডেপুটি ডিরেক্টর সাদমান সাকিব জিসান ও সুমাইয়া ইসলাম, টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী মুন্না মজুমদার, স্কুল প্রতিযোগিতা কমিটির সমন্বয়কারী ইয়াসিন সাকিব, সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক, যুগ্ম প্রধান মেহেরাজ বিন আলম এবং হসপিটালিটি কমিটির যুগ্ম প্রধান আরাফাত কবির।
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক বলেন, দেশসেরা বিতার্কিকদের এই মেলবন্ধন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে।




