৪ লেন হচ্ছে লোহাগাড়ার এক কিলোমিটার সড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় প্রায় ১ কিলোমিটার অংশ চার লেনের করার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনাপ্রবণ এলাকা হওয়ায় দ্রুত কাজ শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের অধীনে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার সড়ক চার লেনে প্রশস্তকরণের উদ্বোধন করা হয়।

স্থানীয়রা জানান, এটি ছিল এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। দ্রুত কাজ শেষ হলে দুর্ঘটনা কমবে, পাশাপাশি কক্সবাজারমুখী যাত্রাও হবে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক।

এর আগে গত ১৬ এপ্রিল জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সরকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে করার পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে প্রকল্পের একটি অংশের ডিপিপি অনুমোদন হয়েছে এবং দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ককে আধুনিকায়নের আওতায় প্রায় ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। পাশাপাশি প্রায় ২ দশমিক ৬৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পুরো প্রকল্প ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, সাতকানিয়া ও লোহাগাড়া অংশের প্রশস্তকরণ কাজ বর্তমানে তিনটি প্যাকেজে চলছে। সাতকানিয়া রাস্তার মাথা থেকে রাজঘাটা পর্যন্ত ৮ দশমিক ৪ কিলোমিটার অংশে ৩৫ কোটি টাকা ব্যয়ে কাজ করছে এমএএইচ কনস্ট্রাকশন। রাজঘাটা থেকে চুনতি মিঠার দোকান পর্যন্ত ৭ কিলোমিটার অংশে ৩৪ কোটি টাকার কাজ করছে এমএ কনস্ট্রাকশন। আর চুনতি মিঠার দোকান থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ৬ কিলোমিটার অংশে ৩০ কোটি টাকা ব্যয়ে কাজ করছে এমএএইচ কনস্ট্রাকশন।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, বর্তমানে মহাসড়কের প্রস্থ ২১ ফুট। এটি বাড়িয়ে ৩৪ ফুট করা হচ্ছে। কোথাও ৬ ফুট, কোথাও ৭ ফুট করে সড়ক সম্প্রসারণ করা হবে। ঝুঁকিপূর্ণ বাঁকে আরও বেশি প্রশস্ত করা হবে। জাঙ্গালিয়া এলাকায় মাঝখানে ডিভাইডার রেখে চার লেন নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এএইচ/ডিজে

ksrm