৪০ বছরের নারীকে বিয়ের আশ্বাসে চট্টগ্রামের হোটেলে শারীরিক সম্পর্ক, প্রতারণার মামলা

চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে ৪০ বছর বয়সী এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে মামলা হয়েছে। নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা এ মামলায় অভিযুক্ত করা হয়েছে আন্দরকিল্লা এলাকার বাসিন্দা জুয়েল দাশকে। ঘটনাটি গত বছরের ডিসেম্বরের, আর মামলাটি করা হয়েছে চলতি সপ্তাহে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানায় মামলা নম্বর ০৩ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর ৯(খ) ধারায় মামলাটি রুজু করা হয়। অভিযোগের ঘটনাটি ঘটে গত ৯ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে।

পরিচয় থেকে প্রলোভন

এজাহারে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম আদালত এলাকায় ভুক্তভোগী নারীর সঙ্গে আসামির পরিচয় হয়। পরে তাদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে আসামি ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় নারী প্রস্তাব প্রত্যাখ্যান করলে আসামি ধর্মান্তরিত হয়ে বিয়ে করবেন বলে আশ্বাস দেন।

হোটেলে নেওয়ার অভিযোগ

অভিযোগ অনুযায়ী, সর্বশেষ গত ৯ ডিসেম্বর ২০২৫ আসামির অনুরোধে ভুক্তভোগী নারী কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকার পুলিশ প্লাজার সামনে দেখা করতে যান। সেখানে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নন্দনকাননের হোটেল রোজ গার্ডেন আবাসিকের লিফটসংলগ্ন সপ্তম তলার ৭০৫ নম্বর কক্ষে নেওয়া হয়। এ সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

বিয়ে এড়িয়ে যোগাযোগ বিচ্ছিন্ন

এজাহার অনুযায়ী, ঘটনার পর ভুক্তভোগী নারী বিয়ের বিষয়ে একাধিকবার তাগিদ দিলেও আসামি বিষয়টি এড়িয়ে চলতে থাকেন। একপর্যায়ে তিনি বিয়ে করতে পারবেন না জানিয়ে ভবিষ্যতে কোনো ধরনের যোগাযোগ না রাখার কথা বলেন। পরে নিজেকে প্রতারণার শিকার দাবি করে ভুক্তভোগী নারী আইনের আশ্রয় নেন।

তদন্তের অগ্রগতি

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) এহেসান মাহাবুব। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেজে/সিপি

ksrm