৩ দিন ধরে নিখোঁজ চট্টগ্রামের মাদ্রাসাছাত্র মিসবাহ

চট্টগ্রাম নগরের শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে মো. সেকেন্দর হোসেন মিসবাহ (১৫) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। পরে পরিবারের সদস্য ও মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

এ ঘটনায় ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিসবাহর বাবা মো. বশির আহমেদ। জিডিতে নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করার কথা উল্লেখ করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, মিসবাহর গায়ের রং ফর্সা, চেহারা লম্বাটে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি। নিখোঁজের তিনদিন পার হলেও এখনো তার সন্ধান মেলেনি।

মিসবাহর বাবা বশির আহমেদ বলেন, আমার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে থানায় জিডি করেছি। পুলিশ দেখবে বলেছে। এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আমরা টেনশনে আছি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এসআই মো. আলী বিন কাসীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মিসবাহর সন্ধান পেলে ০১৮২১-৫৩১৩৬৬ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ksrm