২৫ লাখে ইয়াবা মামলায় তদন্ত জালিয়াতি, চট্টগ্রামে তিন বছর পর প্রমাণিত ডিবির এসআইয়ের কারসাজি
আদালতে এক দাবি, পুলিশের নথিতে আরেক সত্য
চট্টগ্রামের আলোচিত একটি ইয়াবা মামলার অভিযোগপত্রে কারসাজি, ভুল মোবাইল নম্বরের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ব্যবহার এবং আসামিকে অব্যাহতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. বদরুদ্দোজার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের বিভাগীয় তদন্ত। প্রায় আড়াই বছর ধরে চলা তদন্ত শেষে তাঁর এক বছরের জন্য একটি বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করার সুপারিশ করা হয়েছে। তবে এরই মধ্যে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি তাঁর বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা নেই বলে দাবি করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মো. বদরুদ্দোজা বর্তমানে ফেনী জেলা সদর আদালতে কর্মরত। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) শাখায় উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ১৩ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ও বিভাগীয় মামলা তদন্তকারী কর্মকর্তা মো. মাসুদ রানা তদন্ত প্রতিবেদন (ফাইন্ডিংস) উপপুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) বরাবর জমা দেন। এর মাধ্যমে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর দায়ের হওয়া বিভাগীয় মামলা নম্বর-৪৪-এর তদন্ত শেষ হয়।
এ নিয়ে ২০২৩ সালের ২১ আগস্ট চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত হয়েছিল বিস্তারিত প্রতিবেদন।
আদালতে এক কথা, বিভাগীয় নথিতে আরেক
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে ফেনী জেলা আদালতে চলমান ওই ইয়াবা মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরার সময় মো. বদরুদ্দোজা আদালতে তাঁর বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা নেই বলে দাবি করেন। অথচ বিভাগীয় তদন্ত নথিতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত সম্পন্ন হয়ে অভিযোগ প্রমাণিত হওয়ার তথ্য উল্লেখ রয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত এসআই মো. বদরুদ্দোজার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে। তিনি বিভিন্ন সময় মোবাইল নম্বরের সিডিআর সংগ্রহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার সময় নিজেকে ‘পুলিশ ইন্সপেক্টর’ হিসেবে পরিচয় দিয়েছেন। একই সঙ্গে মামলার তদন্তকালে ভুল মোবাইল নম্বরের সিডিআর সংগ্রহ ও ব্যবহার করার বিষয়টিও প্রমাণিত হয়েছে।
বিভাগীয় তদন্তে বলা হয়, একজন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্য হওয়া সত্ত্বেও তাঁর এসব কর্মকাণ্ড বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাবিরোধী, দায়িত্বহীনতা, অসদাচরণ ও অপেশাদার আচরণের শামিল। এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
ফোরকানের বদলে অন্যের নম্বর
পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই ডবলমুরিং থানার ঈদগাহ কাঁচা রাস্তা এলাকা থেকে ২ হাজার ৪০০ ইয়াবাসহ ট্রাকচালক মো. আরিফকে গ্রেপ্তার করেন মহানগর ডিবির (পশ্চিম) এসআই দস্তগীর হোসেন। এ ঘটনায় ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
পরে মামলাটির তদন্তভার পান এসআই মো. বদরুদ্দোজা। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামি আরিফ নিজের সঙ্গে মো. ফোরকান মিয়ার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা ফোরকানের ব্যবহৃত ০১৭৮১-৩৪৮২৭১ নম্বরের পরিবর্তে ০১৭১৮-৩৪৮২৭১ নম্বরের সিডিআর সংগ্রহ ও পর্যালোচনা করেন।
বিভাগীয় তদন্তে দেখা যায়, ০১৭১৮-৩৪৮২৭১ নম্বরটি ইমরান উদ্দিন শুভ নামে বাগেরহাটের শরণখোলা এলাকার এক ব্যক্তির নামে নিবন্ধিত ছিল। তিনি কখনো চট্টগ্রামে আসেননি। অথচ ওই নম্বরের তথ্য ব্যবহার করে অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফোরকান ঘটনার সময় চট্টগ্রামে ছিলেন না, বরং শরণখোলায় অবস্থান করছিলেন।
অন্যদিকে তদন্তে ফোরকানের প্রকৃত মোবাইল নম্বরের কললিস্ট পর্যালোচনা করে দেখা যায়, ঘটনার আগে ও পরে তিনি ঘটনাস্থলসংলগ্ন উত্তর কাট্টলী এলাকায় ছিলেন। তাঁর এনআইডি ও টাওয়ার লোকেশন উত্তর পাহাড়তলী কর্নেলহাট আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ২১ নম্বর বাসার তথ্য দেখায়।
২৫ লাখ টাকায় অব্যাহতির অভিযোগ
২০২৩ সালে প্রকাশিত অনুসন্ধানে উঠে এসেছিল, তদন্ত কর্মকর্তা মো. বদরুদ্দোজা ২৫ লাখ টাকার বিনিময়ে মাদক কারবারি আলাউদ্দিন ও তাঁর ভাগনে ফোরকানকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেন বলে অভিযোগ রয়েছে। যদিও আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে গ্রেপ্তার আসামি আরিফ তাঁদের নাম উল্লেখ করেছিলেন।
সেই অনুসন্ধানে আরও উঠে আসে, অভিযোগপত্র দাখিলের আগে এবং আদালতের শোকজের দিনও আলাউদ্দিনের ভাগনে ফোরকানের ভাই ও কর্ণফুলী থানার একটি ইয়াবা মামলার পলাতক আসামি এমরানের সঙ্গে মো. বদরুদ্দোজার মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুর রশিদ সে সময় বলেছিলেন, মাদক মামলার ১৬৪ ধারার জবানবন্দিতে ওই দুজনের নাম সরাসরি উঠে এসেছে। চার্জশিট থেকে তাঁদের নাম বাদ যাওয়ার সুযোগ ছিল না।
চটপটি আলাউদ্দিনের খতিয়ানও গোপনের অভিযোগ
তদন্তে আরও অভিযোগ পাওয়া যায়, অভিযোগপত্র থেকে বাদ দেওয়া আলাউদ্দিন ওরফে চটপটি আলাউদ্দিনের নামে থাকা আগের দুটি মামলার তথ্য গোপন করা হয়েছিল। তাঁর অপরাধের খতিয়ান (পিসিপিআর) সংযুক্ত না করে অন্য আসামি আবদুল জলিলের পিসিপিআর ব্যবহার করা হয়।
এ ঘটনায় চট্টগ্রামের ২ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২০২১ সালের ১ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করেন। পরে আদালতে ভুল তথ্য ও ব্যাখ্যা দিয়ে সেই কৈফিয়ত নিষ্পত্তি করা হয়েছিল বলে আগের অনুসন্ধানে উল্লেখ করা হয়।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ অন্তত ১৩টি মামলার আসামি ছিলেন আলাউদ্দিন ওরফে চটপটি আলাউদ্দিন। এর মধ্যে ১০টি মামলায় তাঁর নাম এজাহারভুক্ত ছিল এবং আরও তিনটি মামলায় ১৬৪ ধারার জবানবন্দিতে তাঁর নাম উঠে আসে।
কী শাস্তির সুপারিশ
বিভাগীয় তদন্ত শেষে দাখিল করা ফাইন্ডিংসে বলা হয়েছে, এসআই মো. বদরুদ্দোজার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হওয়ায় পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) বিধি ৮৭১ অনুযায়ী তাঁর একটি বার্ষিক বর্ধিত বেতন এক বছরের জন্য স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. মাসুদ রানা প্রতিবেদনে উল্লেখ করেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। তাই তাঁর কৃত অপরাধের জন্য বিভাগীয় শাস্তি দেওয়া প্রয়োজন। তবে শাস্তির মেয়াদ শেষে তাঁর ভবিষ্যৎ বেতন বৃদ্ধি বাধাগ্রস্ত হবে না এবং স্থগিত সময়ের জন্য তিনি কোনো বকেয়া সুবিধাও পাবেন না।
সিপি




