২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, অংশ নেবেন মায়ের দোয়া মাহফিলে

প্রায় ২০ বছর পর আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন সন্ধ্যায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

নাজিমুর রহমান জানান, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর দীর্ঘ দুই দশক পর ১৮ জানুয়ারি সন্ধ্যায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দলটির কর্ণধার তারেক রহমান অংশ নেবেন।

তিনি আরও জানান, সফরটি পুরোপুরি অরাজনৈতিক। কোনো নির্বাচনী প্রচারণা, পথসভা কিংবা রাজনৈতিক বক্তব্যের আয়োজন রাখা হয়নি।

তরেক রহমানের চট্টগ্রামে আসার খবরে দলীয় তৃণমূল নেতাকর্মীরা জানান, রাজনৈতিক বক্তব্য না থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিই তাদের জন্য অনুপ্রেরণা। এটি একটি ধর্মীয় ও মানবিক কর্মসূচি হলেও নেতাকর্মীদের কাছে এর তাৎপর্য অনেক গভীর। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে তৃণমূল থেকে নগর পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা আলোড়ন কাজ করছে। কেউ কেউ মনে করছেন, এই সফর সাংগঠনিকভাবে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে এবং দীর্ঘদিনের হতাশা কাটাতে সহায়ক হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে বিমানে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়কপথে চট্টগ্রামে পৌঁছাবেন। চট্টগ্রামে তিনি সেদিন রাতে থাকবেন। তবে ১৯ জানুয়ারির তার কর্মসূচি কি, তা জানা যায়নি।

এআরই/ডিজে

ksrm