২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর বন্দরনগরী চট্টগ্রামে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক নজর দেখার সুযোগ পেয়ে স্লোগান আর উচ্ছ্বাসে রাজপথ মুখর করে তোলেন ধানের শীষের হাজারো নেতাকর্মী।

২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন তারেক রহমান 1

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে বড় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্যদিয়ে এখানকার রাজনৈতিক মাঠে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানে করে তারেক রহমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হয়ে তাকে বহনকারী বাস নগরীর একটি পাঁচ তারকা হোটেলে যান।

বিমানবন্দরের মূল ফটক থেকে শুরু করে শহিদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো বিএনপি নেতাকর্মী স্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানান। মানুষের ভিড়ে বাসটি ধীরগতিতে চলতে দেখা যায়। পথে পথে বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের স্লোগানের জবাব দেন তারেক রহমান।

বরাবরের মতো বাসের চালকের পাশের আসনেই বসে ছিলেন তিনি। তার পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পেছনের আসনে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তারেক রহমানের গাড়িবহরের সামনে-পেছনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) একাধিক গাড়ি নিরাপত্তার দায়িত্ব পালন করে। গাড়িবহর অতিক্রমের সময় সাধারণ গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাত সোয়া ৮টার দিকে বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে অতিক্রম করে এবং সাড়ে ৮টার দিকে লালখানবাজার এলাকায় পৌঁছায়।

এদিকে পতেঙ্গা থেকে লালখান বাজার হয়ে কাজীর দেউড়ি পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অবস্থান নেন। ‘তারেক জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানের পাশাপাশি ‘খুশি খুশি লাগছে, তারেক রহমান আসছে’, ‘ঈদ ঈদ লাগছে, তারেক রহমান আসছে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, তারেক রহমান রোববার সকাল ৯টায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর সকাল সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও পাঁচটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নগরীর লালদীঘি ময়দানে জনসভায় অংশ নিতে চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। এরপর এক-এগারো পরবর্তী জরুরি অবস্থায় তিনি গ্রেপ্তার হন এবং পরে দেশত্যাগে বাধ্য হন। দেড় দশক পর দেশে ফিরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম শহরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে এসে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

এএইচ/ডিজে

ksrm