১৯ বছর পর কুতুবদিয়ার রুবেল হত্যা রায়, ৪ জনকে মৃত্যুদণ্ড

দীর্ঘ ১৯ বছর পর কক্সবাজােরর কুতুবদিয়ার চাঞ্চল্যকর এরশাদুল হাবীব রুবেল হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এতে চার আসামিকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় এই রায় ঘোষণা করেন চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন—জাহেদুল ইসলাম ওরফে ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন ওরফে সোহেল, আবু এরশাদ ওরফে জুয়েল এবং রুস্তম আলী। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

খালাস পাওয়া চার আসামি হলেন—তৌহিদুল ইসলাম ওরফে আরহাদ, হোসাইন মোহাম্মদ ওরফে সাজ্জাদ, মোহাম্মদ সৈয়দ এবং আজহারুল ইসলাম ওরফে ছোটন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধ এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় এরশাদুল হাবীব রুবেলকে। ঘটনার দুই দিন পর ১৭ অক্টোবর রুবেলের মা মমতাজ সুফিয়া আক্তার শেফালী ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালে কুতুবদিয়া থানা পুলিশ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত শুনানি শেষে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১০ সালে বিচারিক কার্যক্রম শুরু হয়।

মামলা থেকে খালাস পাওয়া মোহাম্মদ সৈয়দ বলেন, ঘটনার দিন আমি মাছ ধরতে সাগরে ছিলাম। কিছুদিন পর জানতে পারি আমাকে আসামি করা হয়েছে। আমি ৯ মাস জেল খেটেছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য বলেন, আমরা আদালতে সব তথ্য ও প্রমাণ উপস্থাপন করেছি। চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।

বাদিপক্ষ এবং নিহত রুবেলের ছোট ভাই ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বলেন, দীর্ঘ ১৯ বছর পর আমরা ন্যায়বিচার পেয়েছি। তবে রায় পুরোপুরি সন্তোষজনক না হওয়ায় আমরা উচ্চতর আদালতে আপিল করার প্রস্তুতি নেব।

ডিজে

ksrm