১৪ কোটির ক্রুড অয়েল গায়েব, সত্যতা যাচাইয়ে ইস্টার্ন রিফাইনারি ও বিএসসিতে দুদক

ক্রুড অয়েল খালাসে প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েবের অভিযোগে ইস্টার্ন রিফাইনারি পিএলসি ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৫ জানুয়ারি) দুদক, জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।

অভিযানকালে টিম প্রথমে চট্টগ্রাম নগরের সল্টগোলা রোডে অবস্থিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগসংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে।

এরপর এনফোর্সমেন্ট টিম পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি পিএলসির কার্যালয়ে অভিযান চালিয়ে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে।

দুদক সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে আগত ‘নরডিক স্কিয়ার’ ও ‘নরডিক ফ্রিডম’ নামের দুটি জাহাজ থেকে ক্রুড অয়েল খালাসের সময় স্বাভাবিক ওশান লস (Ocean Loss) বাদ দিয়ে নেট শর্ট লেন্ডিংয়ের বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হলে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়।

এছাড়া পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন রিফাইনারির শোর ট্যাংকে তেল নেওয়ার সময় শর্ট লেন্ডিংয়ের ঘটনায় তেলের পরিমাণ নির্ধারণ (Quantification), যৌথ সার্ভে প্রতিবেদনসহ সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র চাওয়া হয়েছে।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনার পর অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

জেজে/ডিজে

ksrm