১২ সেকেন্ডে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, দুই যুবক বারো দিন পর বাকলিয়ায় গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে মাত্র ১২ সেকেন্ডেই ওষুধ ব্যবসায়ীর কাঁধ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার ১২ দিন পর সেই ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. হাবিবুল্লাহ খাঁন মানিক (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার স্বীকার করেছেন। তবে এ ঘটনায় তার সঙ্গে অপর এক যুবককে গ্রেপ্তার করা হলেও তার পরিচয় জানা যায়নি।

বুধবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে নগরের বাকলিয়া থানার ইছাকের পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত ১২টা ২০ মিনিটের দিকে পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার সড়কে সলিমুল্লাহ শাহ মসজিদের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী এস এম রফিকুল ইসলাম (৫৭) আতুরার ডিপো এলাকার খাজা ফার্মেসির মালিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চট্টগ্রামের পাঁচলাইশে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে একটি অটোরিকশা থেকে দুই ব্যক্তি নেমে রফিকুল ইসলামের পথ আটকান। তাকে ধারালো ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে কাঁধে থাকা কালো রঙের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। ব্যাগে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড রেডমি মুঠোফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মাত্র ১২ সেকেন্ডের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২৫ অক্টোবর পাঁচলাইশ মডেল থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়। দণ্ডবিধির ৩৯২ ধারায় করা মামলাটি তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। প্রাথমিক তদন্তেও তার সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নতুন ছিনতাইয়ের মামলাসহ মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে বোয়ালখালী থানায় একটি, কোতোয়ালী থানায় একটি, বাকলিয়া থানায় একটি এবং চান্দগাঁও থানায় একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ছিনতাই, মারধর, চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগ রয়েছে।

পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ উছ সালেহীন মামলাটি তদন্ত করছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এফএ/ডিজে

ksrm