কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও চালু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ১৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। গ্যাস পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়।
তবে উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায় ১৭ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে কারিগরি সমস্যায় আবারও বন্ধ হয়ে যায় কারখানাটির উৎপাদন। এরপর ত্রুটি শনাক্ত করে তা সমাধানের কাজ শুরু করেন প্রকৌশলীরা।
দীর্ঘ ১২ দিন কারিগরি কাজ চলার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে সমস্যার সমাধান করে ফের উৎপাদনে যায় সিইউএফএল। বর্তমানে কারখানাটিতে স্বাভাবিকভাবে ইউরিয়া উৎপাদন চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে আমরা আবার উৎপাদনে ফিরেছি। কারিগরি যে সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে। এখন পর্যন্ত উৎপাদনে আর কোনো সমস্যা হয়নি।
এএইচ




