১২ গরু কোরবানি, ২১০০ পরিবারে মাংস পৌঁছে দিলেন ব্যবসায়ী মোজাম্মেল

কোরবানির ঈদে আনোয়ারার ২১০০ পরিবারের ঘরে ঘরে পৌঁছে গেছে কোরবানির মাংস। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বড় আকারের ১২টি গরু কোরবানি দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তাসনিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাম্মেল হক।

ঈদুল আজহার দ্বিতীয় দিনে শুক্রবার চট্টগ্রামের আনোয়ারার চাতরী গ্রামের নিজ বাড়িতে এসব গরু কোরবানি দেওয়া হয়। পরে কসাই, স্বজন ও বন্ধুদের নিয়ে প্রায় ৩৫ জনের একটি দল মাত্র দুই ঘণ্টার মধ্যে মাংস প্রসেসিং সম্পন্ন করেন। এরপর চাতরী ও বৈরাগ ইউনিয়নের ২১০০ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় কোরবানির মাংস।

স্থানীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই প্রতিবছর এ উদ্যোগ নেন বলে জানান মোজাম্মেল হক। তিনি বলেন, প্রত্যেক সামর্থ্যবানের সম্পদে তার প্রতিবেশীর হক আছে। আল্লাহ তাঁকে এই খেদমত করার সৌভাগ্য দিয়েছেন। তিনি এসব কাজ আড়ালেই করতে পছন্দ করেন এবং নিজের এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সব শুকরিয়া আল্লাহর জন্য বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে রমজান ও কোরবানির সময় এভাবেই মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে আসছেন মোজাম্মেল হক। শুধু উৎসব নয়, সারা বছরই মানুষের বিপদ-আপদে পাশে থাকেন তিনি। প্রতিবছর কোরবানির সময় তাঁর বাড়িটি এলাকাবাসীর সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়।

ksrm