জীববৈচিত্র্যের সমৃদ্ধ ভান্ডার চট্টগ্রামের হালদা নদী ঘিরে বাড়ছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত ৮১ কিলোমিটার এলাকায় দুই তীরে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করেছেন গবেষকরা। এর মধ্যে ২৪৪টি বিদেশি প্রজাতি, ২৩টি বিপন্ন এবং আরও ১০০টি রয়েছে ভবিষ্যতে বিলুপ্তির ঝুঁকিতে। পাশাপাশি নদীর দূষণের ৫৭টি উৎস শনাক্ত হয়েছে। উজানে কেওড়াগাছের উপস্থিতি মিলেছে, যা নদীর স্বাভাবিক পরিবেশে লবণাক্ত পানির প্রভাব বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম নগরের লালখানবাজারে এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো) এ গবেষণার ফলাফল প্রকাশ করে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। গবেষকদের দাবি, হালদার উৎস থেকে মোহনা পর্যন্ত দুই তীরের উদ্ভিদবৈচিত্র্য নিয়ে এটিই প্রথম পূর্ণাঙ্গ জরিপ।

গবেষণায় নেতৃত্বদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক রাসেল জানান, শনাক্ত ১ হাজার ২৯ প্রজাতির মধ্যে ৭৬৫টি স্থানীয় এবং ২৪৪টি বিদেশি। এসব উদ্ভিদের মধ্যে ২১২টি বড় বৃক্ষ, ১৩৩টি গুল্ম, ১৩৩টি লতা, ৫২২টি বীরুৎ ও ৯টি পরজীবী উদ্ভিদ রয়েছে। এ ছাড়া ৫১৭ প্রজাতির ঔষধি উদ্ভিদের সন্ধান মিলেছে।

গবেষণায় দেখা গেছে, নাজিরহাট সেতু থেকে নারায়ণহাটের আগ পর্যন্ত নদীর দুই তীরে প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদের উপস্থিতি তুলনামূলক কম। কৃষিকাজ ও ফসল চাষের বিস্তারের কারণে প্রাকৃতিক উদ্ভিদের আবাসস্থল সংকুচিত হচ্ছে বলে মনে করছেন গবেষকরা।
নদীর দুই তীরে শনাক্ত বিদেশি উদ্ভিদের মধ্যে রয়েছে ইউক্যালিপটাস, আকাশমণি, সেগুন, জারুল, মেহগনি ও মিঞ্জিরিস। গবেষণা তত্ত্বাবধায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন বলেন, নদীতীরের পাহাড়ি এলাকায় বিদেশি প্রজাতির গাছ লাগানোর প্রবণতা বেড়েছে। এসব গাছ স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, বিদেশি গাছের নিচে অনেক ক্ষেত্রে অন্য উদ্ভিদের জন্ম হয় না। এতে মাটির ওপরিভাগ শক্ত হয়ে বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশের সুযোগ কমে যায়। অপরদিকে দেশীয় গাছের নিচে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বিদেশি উদ্ভিদ রোপণ পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে।
গবেষণায় ২৩টি বিপন্ন উদ্ভিদ প্রজাতি শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বাটনা, লেইস্যা গর্জন, চাউ তাল, ঈশ্বরমূল, পাখা ঢেকিয়া, বনিপদ, মাইল্লা আম ও পানি জাম। এ ছাড়া সংরক্ষণের উদ্যোগ না নিলে ভবিষ্যতে বিপন্ন হতে পারে এমন ১০০টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে।
অধ্যাপক ওমর ফারুক রাসেল বলেন, লেইস্যা গর্জন ও পাখা ঢেকিয়ার মতো কয়েকটি দুর্লভ উদ্ভিদ প্রজাতির সন্ধান মিলেছে, যেগুলোর চট্টগ্রামে উপস্থিতির নির্ভরযোগ্য নথি আগে পাওয়া যায়নি। গবেষণায় শনাক্ত প্রজাতির মধ্যে ৭২৯টি উদ্ভিদের প্রথম রেকর্ড পাওয়া গেছে।
দূষণের উৎস অনুসন্ধানে হালদার পানিদূষণের ১৩টি, বায়ুদূষণের ১০টি ও মাটিদূষণের ১১টিসহ মোট ৫৭টি উৎস শনাক্ত করেছেন গবেষকরা। এর মধ্যে ২৯টি উৎস সরাসরি নদীর পানি দূষণ করছে।
নদীর উৎপত্তিস্থল নিয়েও নতুন তথ্য দিয়েছেন গবেষকরা। তাদের অনুসন্ধানে খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের গরুকাটা এলাকায় হালদায় পানি সরবরাহকারী একটি বড় জলধারার সন্ধান মিলেছে। এতদিন রামগড়ের হাসুকপাড়াকে নদীর উৎপত্তিস্থল হিসেবে উল্লেখ করা হলেও গবেষকদের মতে, গরুকাটাকেও হালদার অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা যেতে পারে।
এছাড়া কর্ণফুলীর মোহনা মদুনাঘাট থেকে হাটহাজারীর নাঙ্গলমোড়া পর্যন্ত কেওড়াগাছের উপস্থিতি পাওয়া গেছে। অধ্যাপক ওমর ফারুক রাসেলের মতে, উজানের দিকে কেওড়াগাছের উপস্থিতি নদীতে লবণাক্ত পানির প্রভাব বিস্তারের ইঙ্গিত দিচ্ছে, যা হালদার স্বাভাবিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
গবেষকদের আশঙ্কা, নদীতীরের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, পাহাড় কাটা, কৃষিকাজে সার ও কীটনাশকের ব্যবহার, দূষণ এবং বিদেশি উদ্ভিদের বিস্তার অব্যাহত থাকলে হালদার সমৃদ্ধ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। কার্পজাতীয় মাছের ডিম সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ এ নদীর পরিবেশ রক্ষায় স্থানীয় উদ্ভিদ সংরক্ষণ ও দূষণের উৎস বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।
এএইচ/ডিজে




