হাটহাজারীতে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের হালদা অংশের ধুরংয়ের মুখসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
অভিযানে ইউএনও’কে সহযোগিতা করেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং আইডিএফ হালদা প্রকল্পের প্রোগ্রাম অরগানাইজার (পিও) সাদ্দাম হোসেন।
এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন বলেন, অভিযান চালিয়ে মাছ শিকারের জন্য পাতানো ১০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে পরিবেশ অনুকূলে থাকলে মা-মাছ ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। ডিম ছাড়ার এ মৌসুমে হালদা নদীতে অভিযান আরও বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার ১০ নম্বর উত্তর মার্দাশার এলাকার বাড়িঘোনা এলাকায় অভিযান চালিয়ে ইউএনও প্রায় ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করে।
এএইচ




