হাটহাজারীকে মডেল উপজেলা করার অঙ্গীকার, ভোটারদের দ্বারে দ্বারে মীর হেলাল
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম–৫ হাটহাজারী–বায়েজিদ আসনের প্রতিটি গলি, হাট ও বাজারে ভোটের বার্তা নিয়ে হাজির ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সকালে ৯ নম্বর গড়দুয়ারা ইউনিয়ন থেকে শুরু হয়ে বিকেলে পৌর সদর পর্যন্ত দিনব্যাপী গণসংযোগে তিনি গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি ও বাজারের অলিগলিতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং হাটহাজারীর উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন।
দিনের শুরুতেই গড়দুয়ারা ইউনিয়নের রশিয়া পুকুর এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন মীর হেলাল। সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার পর তিনি কমদর আলী চৌধুরী এলাকায় গণসংযোগ ও সমাবেশে অংশ নেন। এরপর নয়াহাট, জোড় পুকুর পাড়, তুলাতল ও লোহারপুল বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি। প্রতিটি স্থানে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, তিনি হাটহাজারীর মাটি ও মানুষকে ভালোবাসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই এলাকার সব স্তরের মানুষের সেবা করতে চান। তিনি বলেন, নির্বাচিত হলে বিগত ১৭ বছরের অপ্রাপ্তি ও উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, হাটহাজারীকে বাংলাদেশের জন্য অনুকরণীয় উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।
তিনি অপপ্রচার ও গুজবে কান না দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ও নিঃসংকোচে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, ধানের শীষ বিজয়ী হলে হাটহাজারীকে সকল মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে।
বিকেলে মীর হেলাল পৌর সদরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। বাজারে বাজারে সাধারণ ব্যবসায়ী, শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষে ভোট চান। এ সময় তিনি সনাতন পল্লীতে মতবিনিময় সভায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হাটহাজারী গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি গড়দুয়ারা ইউনিয়নের কয়েকটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।
দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলম, বিএনপির সাবেক সদস্য ডা. রফিকুল আলম, সহ-যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ত্বকিবুল ইসলাম তকি, গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের নুরুল কবির, ছাত্রদলের রেজাউল করিম রকি, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ হেলাল, বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী, আলাউদ্দিন মানিক, ফারুক মেম্বার, জসীম উদ্দিন চেয়ারম্যান, শফিক আহমদ ভুট্টো, আলমগীর সওদাগর, গিয়াসউদ্দিন, হারুন মেম্বারসহ বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক ও আলেম ওলামারা।
গণসংযোগের এক পর্যায়ে ব্যারিস্টার মীর হেলাল বলেন, হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্পৃক্ত করা হবে এবং মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠাই হবে তাঁর প্রধান লক্ষ্য।




