স্বাক্ষর গরমিল: ভোটের মাঠ থেকে ছিটকে গেলেন আনিসুল ইসলাম মাহমুদ

ফিরলেন চট্টগ্রামের তিনজন

দলীয় মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো নথির স্বাক্ষরে অমিল। এই ‘টেকনিক্যাল’ কারণে আগেই বাতিল হয়েছিল মনোনয়নপত্র। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন হেভিওয়েট প্রার্থী। কিন্তু শেষ রক্ষা হলো না। নির্বাচন কমিশনের আপিল শুনানিতেও টিকল না চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে এই রায় দেওয়া হয়।

এর আগে গত ৩ জানুয়ারি সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। মূলত দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকার কারণেই তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন, যা বৃহস্পতিবার নামঞ্জুর করা হলো।

প্রথমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন বাতিলের পরপরই ক্ষোভ প্রকাশ করেছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। সে সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন। সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ তুলেছিলেন, চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাইয়ের সময় তাঁর প্রস্তাবক ও সমর্থককে অপহরণ করা হয়েছে। তবে নিজের প্রার্থিতা বাতিলের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের জড়িয়ে মন্তব্য করায় বিতর্কের সৃষ্টি হয়। চট্টগ্রাম মহানগর বিএনপি এবং হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা তাঁর ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

রাজনৈতিক মেরুকরণ ও মামলার বেড়াজালে আগে থেকেই আলোচনায় ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। মামলার বাদী নিহত শিক্ষার্থীর বন্ধু আজিজুল হক। রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির ভাঙনে তাঁর নেতৃত্বে একটি অংশ আলাদা হয়ে যায়। সম্প্রতি জাতীয় পার্টির আরেক অংশ আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপিসহ কয়েকটি দলকে নিয়ে তাঁরা গঠন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টি-জেপির প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

ফিরে পেলেন তিন প্রার্থী

আনিসুল ইসলাম মাহমুদের হতাশার দিনে চট্টগ্রামের অন্য তিন প্রার্থীর মুখে হাসি ফুটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) তাঁদের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। প্রার্থিতা ফিরে পাওয়া এই তিন প্রার্থী হলেন চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আশরাফ বিন ইয়াকুব।

ksrm