চট্টগ্রাম নগরের আকবরশাহতে আট বছর আগে চারটি স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে তাদের ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁদপুরের ফরিদগঞ্জের মো. আরিফ ও হাজীগঞ্জের মো. রুবেল। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে স্বর্ণ চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরিফ ও রুবেলকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৭ মার্চ দুপুরে আকবরশাহ থানার সিডিএ ১ নম্বর রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় আরিফ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের শরীর তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে দুটি করে মোট চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ছিল ১১৬ দশমিক ৬৬ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ছিল ৪৬৬ দশমিক ৬৪ গ্রাম।
চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে আনা এসব স্বর্ণের বার অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানার তৎকালীন পুলিশ কর্মকর্তা মো. জাকের হোসেন বাদী হয়ে মামলা করেন।
পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
এএইচ/ডিজে




