স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি দিয়ে প্রতারণা, চট্টগ্রামে ভুয়া ‘প্রটোকল কর্মকর্তা’ গ্রেপ্তার

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের ঘনিষ্ঠতা হিসেবে ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল একটি চক্র। এবার সেই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিলেন। এর মধ্যে এআই দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি বানিয়ে প্রতারণা করছিলেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) রাত ২টায় পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রতারকের নাম রিয়াদ বিন সেলিম (৪০)। তিনি নিজেকে কখনো ‘প্রটোকল কর্মকর্তা’, আবার কখনও ‘বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য’ হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ জানিয়েছে, রিয়াদ বিন সেলিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Lion Riyadh Selim’ নামে আইডি ব্যবহার করে সরকারের শীর্ষ ব্যক্তি ও মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া ছবি পোস্ট করতেন।

প্রাথমিক তদন্তে এসব ছবি এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এই ভুয়া পরিচয় কাজে লাগিয়ে তিনি সাধারণ মানুষকে চাকরি, মামলা থেকে মুক্তি কিংবা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন।

অভিযানে তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড (CSF Chairperson’s Security Force), হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট (BAOFENG) সিগন্যাল লাইট, ‘মনিটরিং সেল’ কার্ড
ওয়াকিটকি সদৃশ মোবাইল একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে কুমিল্লার এক প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দুই দফায় ২ লাখ ১৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় সেলিম। এ ঘটনায় পটিয়া থানায় প্রতারণা, আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আসামি অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণা করতো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির পর সাধারণ মানুষকে ফাঁদে ফেলতো। আমরা তার নেটওয়ার্ক শনাক্ত করার চেষ্টা করছি।

ডিজে

ksrm