স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা দ্রুত নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রামের চার কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে প্রতিটি বিষয়ে পরীক্ষার মধ্যে যৌক্তিক বিরতি দিয়ে নতুন করে রুটিনের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেয় তারা।
রোববার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের
প্রতিনিধি দল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা বলেন, সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা রুটিন অনুযায়ী চলছে। এ অবস্থায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা অন্য বোর্ডের তুলনায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তাই অনতিবিলম্বে বর্তমান রুটিন অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই-তিনদিন বিরতি দিয়ে দ্রুততম সময়ে রুটিন দেওয়ার অনুরাধ জানানো হয়।
এ সময় চার কলেজে প্রতিনিধি দলের মধ্যে—চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এসএম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মাহতাবুর রহমান, শাদমান করিম, মো. হাসিবুল মজিত অয়ন, সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি, তৌসিফ মাহমুদ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিম উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এইচএসসি শিক্ষার্থীর প্রতিনিধি দলের স্মারকলিপির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আরএ/ডিজে




