স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামী গ্রেপ্তার বাকলিয়ায়

মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এমন নৃশংস ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘাতক স্বামীর নাম মো. দুলাল (৩৮)। পেশায় রাজমিস্ত্রি তিনি। তবে প্রায়ই নেশার টাকা জোগাড় করতে তিনি স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে চট্টগ্রাম নগরের বাকলিয়ার বউবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত গৃহবধূ লিজা আক্তার (২৮) কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ৭ জানুয়ারি সকালে মাদক কেনার টাকা না পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। একপর্যায়ে নিজের সন্তানদের সামনেই লিজা আক্তারের ঘাড় ও তলপেটে এলোপাতাড়ি আঘাত করেন দুলাল। এক পর্যায়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তিনি। পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লিজাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় নিহতের মা খোকি আক্তার বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর থেকেই পলাতক দুলালকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে বাকলিয়ায় অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, মাদকাসক্তির কারণে সংঘটিত এই নৃশংস ও অমানবিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। ঘটনার পরপরই র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ৭২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

ksrm