চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে বাগবিতণ্ডার জেরে স্ত্রীকে ছুরি মেরে খুন করেছেন স্বামী। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে এসআরবি। পরে তার বাড়ির কাঁঠাল গাছের নিচে লুকানো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাবেদ (৪২)। তিনি বন্দর থানার আদর্শপাড়া এলাকার মৃত আব্দুল খবির ছেলে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বহদ্দারহাট মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে যাওয়াকে কেন্দ্র করে জাবেদের সঙ্গে তার স্ত্রী সানজু বিবির (৩৫) সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জাবেদ ছুরি দিয়ে সানজুর গলায় আঘাত করেন। এ সময় সানজুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জাবেদ পালিয়ে যান।
পরে পরিবারের সদস্যরা সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআরবি জানায়, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরের বন্দর থানার পুরাতন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মাত্র দুই ঘণ্টার মধ্যে স্বামী মো.জাবেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে একটি কাঁঠালগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
ডিজে




