চট্টগ্রাম শহরের নামি-দামি রেস্টুরেন্টগুলোর জন্য অনিয়মই যেন নিয়ম। একের পর অভিযান, জরিমানা করেও শোধরানো যাচ্ছে না তাদের। উল্টো প্রতিদিনই ধরা পড়ছে ভেজাল খাবার বিক্রি, কেমিক্যাল মেশানো খাবারসহ নোংরা পরিবেশে খাবার বানানোর চিত্র। এবার ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়েছে বেশ আলোচিত রেস্টুরেন্ট ‘সেভেন ডেজসহ হালাল শেফ রেস্টুরেন্ট। সেভেন ডেজের বিরুদ্ধে অভিযোগও বেশ গুরুতর—ইঁদুর, বিড়ালের পায়খানা মিশ্রিত বাসমতি চালে বিরিয়ানি রান্না করে ক্রেতাদের খাওয়াচ্ছিল তারা।
রোববার (১১ জানুয়ারি) নগরীর ২ নম্বর গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
তথ্যসূত্র বলছে, আলোচিত সেভেন ডেজ রেস্টুরেস্টে বিরিয়ান্না রান্না হচ্ছিল ইঁদুর, বিড়ালের পায়খানা মিশ্রিত বাসমতি চালে। যা অভিযানিক দলের হাতে নাতে ধরা পড়ে। এসময় সেভেন ডেজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নগরের মিনা বাজারে অবস্থিত হালাল শেফের অভিযোগও বেশ গুরুতর। ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, ডাল, চটপটির ডাল, ভাত, ফ্রাইড রাইস সবকিছুতেই ক্ষতিকর কেমিক্যাল রং মেশানো মরিচ ব্যবহার করে খাওয়াচ্ছিলেন ক্রেতাদের। অভিযানিক দলের কাছে ধরা পড়ায় এসময় এই দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
এছাড়াও অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির করার অপরাধে হীরা ফার্মা ও ফয়সাল মেডিকো নামে দুটি ওষুধে দোকানকেও জরিমানা করে অভিযানিক দল।
এআরই/ডিজে




