কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে। এসব মাদেকর মূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সাগরে ফেলে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।
পরে কোস্টগার্ডের আভিযানিক দল সাগরে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালায়। এতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
কোস্টগার্ড জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিজে




