কক্সবাজারের কুতুবদিয়ার সেন্টমার্টিন নৌরুটে চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে তিনটি পর্যটকবাহী জাহাজ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে পর্যায়ক্রমে তিনটি জাহাজে করে পর্যটকেরা যেতে পারবেন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও জেলা প্রশাসনের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি বলেন, পর্যটকের সংখ্যা যা-ই হোক, বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ চলাচল শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়া গেছে। এখন নিয়মিতভাবে পর্যটক পরিবহন করা হবে।
নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পাওয়া তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়া ৮৫০, এমভি কর্ণফুলী ৭৩২ এবং এমভি টেকনাফ ৭১৬ জন যাত্রী পরিবহন করতে পারবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে ছেড়ে দ্বীপে পৌঁছাবে। জাহাজটি সেন্টমার্টিন থেকে ফিরবে বেলা আড়াইটায়। এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা করে ফিরবে বেলা ২টা ১৫ মিনিটে। আর এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দ্বীপ থেকে ফিরবে বিকেল সাড়ে ৩টায়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে নানা জটিলতায় এত দিন জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি। সংশোধিত সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপ ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন।
দ্বীপে ভ্রমণে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। এ ছাড়া ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন।
এদিকে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ।
এছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে।
এএইচ/ডিজে




