সেই পর্নো দম্পতি বান্দরবানে ধরা, ফল ব্যবসায়ী সেজে বেরুতো হেলমেট পরে

চট্টগ্রামের বান্দরবান শহরে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন এক যুগল। কিন্তু ওই বাসায় চলছিল পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ ও অনলাইন প্রচারের গোপন কর্মকাণ্ড। অবশেষে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ অভিযানে রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে বান্দরবান পৌরসভার রোয়াংছড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসেই পর্নোগ্রাফি ভিডিও ধারণ, সম্পাদনা ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করতেন এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতেন।

গোপনে গড়ে ওঠা নেটওয়ার্ক

পুলিশ জানায়, একসময় তাদের এসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে ঢাকাভিত্তিক অনলাইন পোর্টাল দ্য ডিসেন্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিচয় গোপন করতে তারা বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে নতুনভাবে বাসা ভাড়া নেন এবং সেখান থেকে কার্যক্রম চালিয়ে যেতে থাকেন।

তদন্তে আরও জানা গেছে, এই যুগল শুধু নিজেরাই ভিডিও তৈরি করতেন না; বরং অন্যদেরও এতে যুক্ত হতে উৎসাহিত করতেন। তাদের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে একটি নেটওয়ার্ক, যা মূলত বাংলাদেশে বসেই আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে কনটেন্ট সরবরাহ করছিল।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপ ব্যবহার করে ভিডিও শেয়ার করত। এর বিনিময়ে তারা বিদেশি ওয়েবসাইট থেকে অর্থ পেত।’

বাসা ভাড়া, হেলমেট আর গোপন রুটিন

ভবনটির ম্যানেজার জানান, ‘চলতি মাসের ১৩ তারিখে ফল ব্যবসায়ী পরিচয়ে তারা ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় রুম ভাড়া নেন। ভাড়ার সময় আইডি কার্ড দিয়েছিলেন, সব নিয়ম মেনে নেওয়া হয়। কিন্তু আমরা বুঝিনি তারা এমন কাজে জড়িত। প্রতিদিন তারা হেলমেট পরে বের হতেন, বাসায়ও অপরিচিত এক নারী আসতেন।’

ওই বাড়ির মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

আইনের চোখে গুরুতর অপরাধ

বাংলাদেশে পর্নোগ্রাফি উৎপাদন, প্রচার বা বিতরণ ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২’ অনুযায়ী ফৌজদারি অপরাধ। এই আইনে বলা হয়েছে, পর্নোগ্রাফি তৈরি বা ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘গতকাল রাতে পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’

আগেও ছিল মাদক মামলায় গ্রেফতার

তদন্ত সূত্র জানায়, এ দম্পতির মধ্যে পুরুষ সদস্যকে গত ২৫ আগস্ট চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ মাদক সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করেছিল। পরে তিনি জামিনে মুক্ত হন। জামিনের পরই তিনি বান্দরবানে এসে এই নতুন ‘ব্যবসা’ শুরু করেন বলে ধারণা পুলিশের।

ksrm