সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই চলন্ত লরিতে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবুল খায়ের স্টিল মিলসের (একেএস) একটি স্ক্র্যাপবোঝাই চলন্ত লরিতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে লরির ইঞ্জিনের সামনের অংশ পুড়ে যায় এবং কিছু সময় মহাসড়কে যানজটেরও সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ওভারব্রিজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ নিয়ে আবুল খায়ের স্টিল মিলসের কারখানার উদ্দেশে যাচ্ছিল লরিটি। কালুশাহ নগর ওভারব্রিজ এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ লরির ইঞ্জিনের সামনের অংশে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে এবং ইঞ্জিনের পাওয়ার ইউনিট সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়কে গাড়ি চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।

আবুল খায়ের স্টিল মিলসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইমরুল কাদের ভূঁইয়া বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই লরিটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এএইচ

ksrm