সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে গেল মিনিবাস, চাপা পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু, আহত তিন
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে ১০ কিলোমিটার যানজট
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি লরির পাল্লাপাল্লির মধ্যে একটি লরির ধাক্কায় উল্টে গেল মিনিবাস। উল্টে যাওয়া বাসটির নিচে চাপা পড়ে প্রাণ হারালেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ছাত্রীসহ তিনজন।
নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত (২১)। তিনি আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বটতাকিয়া এলাকায়। তাঁর বাবা সাখাওয়াত হোসেন, মা সালমা আক্তার।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছিল। এ সময় একটি লরি সড়কে থেমে থাকা একটি মিনিবাসকে ধাক্কা দেয়। লরির ধাক্কায় মিনিবাসটি কাত হয়ে উল্টে যায়। এ সময় বাসটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন লরি দুটি জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ করা লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। আহত অপর শিক্ষার্থীসহ তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থলের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।




