সীতাকুণ্ডে রাতের আঁধারে জাহাজে ডাকাত দলের হামলা, ২ নৈশপ্রহরী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে একটি জাহাজে ডাকাত দলের হামলায় দুইজন নৈশ প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজ থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান অপর দুই নৈশ প্রহরী। নিহতদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের খণ্ডিত হাত আর মাথা পাওয়া গেছে।

নিহত দুইজন নৈশ প্রহরী হলেন—খালেদ প্রমাণিক ও সাইফুল ইসলাম। তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানা আব্দুল্লাহপুর এলাকায়। আর আহতরা হলেন—আশরাফুল ইসলাম ও রুবেল হাসান।

রোববার (৫ জানুয়ারি) রাত ৩টায় কুমিরা ইউনিয়নের সমুদ্র উপকূলে কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার করা হয় মরদেহ দুটি। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিরা এলাকায় সাগর উপকূলে ‘কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে’ একটি নতুন জাহাজ রোববার কাটার জন্য নিয়ে আসা হয়। নতুন জাহাজে জোরদার করা হয় প্রহরা। রাত তিনটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতের দল নৈশ প্রহরীদের অবস্থানরত একটি জাহাজে হামলা চালায়। এ সময় দুজন নৈশ প্রহরী জাহাজে থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু অপর দুইজন নৈশ প্রহরী ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়।

এ বিষেয়ে ‎জানতে চায়লে কে আর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রোববার দুপুরে একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়েছিল কাটিংয়ের জন্য। রাত্রে একটি ডাকাতের দল জাহাজে ডাকাতি করতে আসে। এ সময় নৈশ প্রহরীদের ওপর ২০-২৫ জনের ডাকাতের একটি দল অস্ত্র নিয়ে হামলা চালায়। দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তারা কিভাবে মারা গেছে, এখনও বিস্তারিত জানা যায়নি।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতের ঘটনায় শিপইয়ার্ডের দুই নৈশ প্রহরী নিহত হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।

ডিজে

ksrm