চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের লাশবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপকে ধাক্কা দিয়েছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন গুরুতর আহত হন।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ন৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাসের ঢাকামুখি লেনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—আমির হোসেন, সুফিয়া খাতুন, বিউটি বেগম। তাদের প্রত্যেকের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজীতে। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও মডার্ন হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটি মো. আক্তার হোসেন এলিট জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখি লেনে একটি পিকআপ ব্রেক করলে তার পেছনে থাকা মাছবাহী আরেকটি পিকআপ ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে চট্টগ্রাম দিক থেকে দ্রুতগতির একটি নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের স্বজনরা গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা এসে আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আফসার বলেন, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকাআপের পেছনে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
গাড়ি দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
ডিজে




