‎সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে এক যাত্রীর মৃত্যু, গাড়িচাপায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল আনা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশন ও রয়েল গেট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

‎জানা গেছে, রোববার সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখি লেনে জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৮ জন আহত হন।  তাদের মধ্যে ৪-৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হয়েছে।

‎আহতদের মধ্যে ছয়জনের পরিচয় মিলেছে। তারা হলেন—রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা শাহ (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)

এক ব্যক্তি ‎মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশেক।

‎এদিকে উপজেলার রয়েল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে বার আউলিয়ায় হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিল্টন বলেন, সকালে রয়েল গেট এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। মরদেহ এখন হাসপাতালে রয়েছে। অপরদিকে কুমিরা ইলিয়াস ফিলিং ষ্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী জোনাকি পরিবহনের  একটি বাস আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ৬ থেকে ৮  জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একজন হাসপাতালে মারা গেছে শুনেছি।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিজে

ksrm