সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে পড়ে ফয়সাল আহমেদ নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ১০টার দিকে সীতাকুণ্ডের বারৈয়াঢালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি সোয়া ১০টার দিকে বারৈয়াঢালা ইউনিয়ন ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থান অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদে থাকা ফয়সাল হঠাৎ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল আহমেদ (১৬) কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে।

খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, ট্রেনটি সীতাকুণ্ড অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়।

এএইচ/ডিজে

ksrm