সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে কিশোর নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে অজ্ঞাত পরিচয় এক কিশোর। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ১৪ বছর।

সোমবার (৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেলে তাকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকার রেললাইনের পাশ থেকে আহত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করা হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে চট্টগাম মেডিকেলে নিয়ে আসেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ট্রেন থেকে পড়ে আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনয়নকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, রেললাইনের পাশে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় কিশোরটি। তার বয়স আনুমানিক ১৪ বছর।

নিহতের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এএইচ/ডিজে

ksrm