ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেছে সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ওইদিন রাতেই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সরকারি সড়কের পাশের গাছ কাটার অভিযোগে মামলাটি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার খবরে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তার সমর্থকদের একাংশ মহাসড়কের একাধিক স্থানে গাছ কেটে সড়ক অবরোধ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ডিজে



