চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সাগরপথ ব্যবহার করে মিয়ানমারে পাচারের জন্য কার্গো বোটে তোলার সময় ৭০০ বস্তায় থাকা ৩৫ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করেছে কোস্টগার্ড। একইসঙ্গে পাচারে ব্যবহৃত তিনটি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী কোস্টগার্ড স্টেশনের একটি দল বাঁশবাড়িয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তর করা হচ্ছিল।
অভিযানে ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩৫ হাজার কেজি সার ছিল। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা সার, পাচারের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএইচ




