সিনহা খুনের স্বীকারোক্তি দিয়েই লিয়াকত ফিরে গেলেন কারাগারে

0

মেজর (অব.) সিনহা হত্যামামলার প্রধান আসামি ইন্সপেক্টর লিয়াকত আলীকে কারাগারে পাঠানো হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর রোববার (৩০ আগস্ট) বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ্।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে জবানবন্দি দিতে লিয়াকতকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়। এরপর ম্যাজিস্ট্রেটের খাস কামরায় তার জবানবন্দি নেওয়া হয়।

সিনহা হত্যামামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, সিনহা হত্যামামলায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতেই ইন্সপেক্টর লিয়াকত আলীকে আদালতে হাজির করা হয়েছে। আশা করি তিনি সত্যটাই প্রকাশ করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনদিনের রিমান্ড মঞ্জুরের একদিন পরই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য ইন্সপেক্টর লিয়াকত আলীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এপিবিএনের ৩ সদস্য।

এদিকে, আত্মসমর্পণের পর গত ৬ আগস্ট ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালসহ সাত পুলিশের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর সাতদিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ২৪ আগস্ট আরও সাতদিনের রিমান্ড চেয়েছিল র‌্যাব। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এসএ/সিপি

ksrm