সিএমপি দক্ষিণ জোনের পাঁচ ফাঁড়িতে হঠাৎ আইসি বদলি, প্রশ্ন উঠল স্বচ্ছতা নিয়ে

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনে হঠাৎ পাঁচ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) বদলি করা হয়েছে। ৫ আগস্টের পর দীর্ঘদিন একই জোনে দায়িত্বে থাকা তিনজন আইসিসহ পাঁচজনের এই পদায়ন স্থানীয় জনগণ ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে।

সোমবার (১ ডিসেম্বর) দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেনের স্বাক্ষরিত আদেশে পাথরঘাটা, এনায়েত বাজার, আসকারদীঘি, সিআরবি ও বক্সিরহাট ফাঁড়ির ইনচার্জদের বদলি কার্যকর করা হয়। আদেশ নম্বর ৬৮৯/২০২৫ অনুযায়ী, এই পদায়ন জনস্বার্থ এবং আইসিদের ক্যাপাসিটি অনুযায়ী করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বদলির পর তথ্য অনুযায়ী, এসআই মিজানুর রহমান চৌধুরী পাথরঘাটা থেকে এনায়েত বাজার, এসআই মনিরুল আলম খোরশেদ বক্সিরহাট থেকে সিআরবি, এসআই মো. রবিউল আলম এনায়েত বাজার থেকে আসকারদীঘি, এসআই মো. জসিম উদ্দিন ভূঁইয়া সিআরবি থেকে পাথরঘাটা ও এসআই মো. আরিফুল ইসলাম আসকারদীঘি থেকে বক্সিরহাটে পদায়িত হয়েছেন।

স্থানীয়রা বলছেন, ‘৫ আগস্টের পর আমরা একই আইসিদের ঘুরেফিরে দেখেছি, কিন্তু কেন তারা বদলি হয়েছে তা স্পষ্ট নয়।’ গগণমাধ্যমকর্মী ও স্থানীয় সূত্র জানাচ্ছেন, দীর্ঘদিন একই জোনে থাকা কিছু আইসির এবং স্থানীয় অপরাধী চক্রের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে, যা আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

চট্টগ্রামের বিভিন্ন ফাঁড়িতে চলমান মামলার তদন্তেও এই পদায়নের প্রভাব রয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা থেকে ২০০ গজ দূরে জেলা পরিষদের সামনের সড়কে ছুরিকাঘাতে খুন করা হয় চা-বিক্রেতা ইসমাইলকে। সিসিটিভির বিশ্লেষণ সত্ত্বেও হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হলো সিএমপিসহ সারাদেশে এখন পর্যন্ত ১৭৮৫টি বৈষম্যবিরোধী মামলায় তদন্ত পরিচালনা করেছে। এর মধ্যে ৮১টির চার্জশিট দেওয়া হয়েছে। চট্টগ্রামে মাত্র দুটি মামলার চার্জশিট দায়ের হয়েছে—খুলশী ও চাঁন্দগাও থানায়। কোতোয়ালী থানার অনেক মামলা এখনও যথাযথভাবে চার্জশিট ও আসামির তথ্য সংগ্রহও অসম্পূর্ণ।

গত বছরের (২৯ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন চেরাগি পাহাড় মোড়ে পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা উল্লেখযোগ্য। এতে সহকারী কমিশনারসহ একাধিক পুলিশ সদস্য আহত হন। সেই সব কর্মকর্তার অনেকেই এখনও কোতোয়ালী থানার বিভিন্ন জোনে-ফাঁড়িতে দায়িত্বে রয়েছেন।

পাঁচ ফাঁড়ি আইসিদের হঠাৎ রদবদল নিয়ে প্রশ্ন উঠেছে—কেন মাত্র এক মাস আগের বদলির পর আবার এই পদায়ন—এ বিষয়ে জানতে চাইলে ডিসি মো. আলমগীর হোসেন বলেন, ‘রদবদল অভ্যন্তরীণ, আইসিদের ক্যাপাসিটি অনুযায়ী করা হয়েছে। ৫ আগস্টের পর তিনজন একই জোনে থাকলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

ksrm