সিআরবির আড্ডা থেকে ক্লাস ফাঁকি দেওয়া ২৬ শিক্ষার্থী আটক

ভুল ভাঙল অভিভাবকের

0

অভিভাবকরা জানেন তাদের সন্তানরা স্কুল বা কলেজে! কিন্তু কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আটক হয়ে তাদের স্থান হয় ওসির রুমে। ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া এমন ২৬ শিক্ষার্থীকে আটকের পর থানা থেকে ডাক পড়ে তাদের অভিভাবকদের। তারা থানায় এসে দেখে যে সময়ে ক্লাসে থাকার কথা ওই সময়ে তাদের সন্তানরা সিআরবিতে আড্ডায়।

পরে এই ২৬ শিক্ষার্থীকে আটক করে থানায় এনে অভিভাবকদের জিম্মায় দেয় কোতোয়ালী থানা পুলিশ। এ সময় শিক্ষার্থীরা নিজেদের ভুল বুঝতে পেরে যেমন অনুশোচনায় ভুগেছেন তেমনি অভিভাবকরাও পুলিশের এ উদ্যোগকে বাহবা দিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের এমন ২৬ শিক্ষার্থীকে থানায় আনার পর অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘প্রায় সময় দেখা যায় স্কুল-কলেজ চলাকালীন শিক্ষার্থীদের একটি অংশ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে আড্ডা দেয়। অথচ তাদের অভিভাবকরা ভাবেন তাদের সন্তান বিদ্যালয়ে বা কলেজে গেছে। এভাবে স্কুল-কলেজ ফাঁকি দেওয়া শিক্ষার্থীরাই পরে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে উঠছে। এভাবেই বিপথগামী হচ্ছে তারা।’

তিনি আরও বলেন, ‘রোববার (২৯ সেপ্টেম্বর) স্কুল ফাঁকি দিয়ে সিআরবি এলাকায় আড্ডা দেওয়া ২৬ শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের অবস্থান সম্পর্কে নিজ নিজ পরিবারকে জানানো হয়েছে। এ সময় তাদের স্কুল-কলেজ ফাঁকি না দিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরেছে। বিষয়টিকে অভিভাবকরাও ইতিবাচকভাবে নিয়েছেন। তারা জানিয়েছেন, বিষয়টি তাদের কল্পনারও বাইরে। পুলিশ না জানালে তাদের সন্তানদের এ অবস্থা সম্পর্কে তারা জানতেই পারতেন না।’

প্রসঙ্গত, ২৮ ও ২৯ সেপ্টেম্বর নগরীর কিশোর গ্যাং নিয়ে চট্টগ্রাম প্রতিদিনে ‘৫৩৫ কিশোরের ৪৭ গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে চট্টগ্রাম নগরী’ ও ‘চট্টগ্রামের স্কুল ডিজে আড্ডা ও ফেসুবক সবখানেই কিশোর গ্যাং’ শিরোনামে দুটি নিউজ প্রকাশ করে।

এডি/এসএস

ksrm