সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিল হাজারো মানুষ।

মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তৃতীয় জানাজা অংশ নেন হাজারো মানুষ

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এই আওয়ামী লীগ নেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের বেশ কয়েকজন রাজনীতিবিদ।

ডা. শাহাদাত বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন দেশের রাজনীতির এক অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব। দেশ ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মৃত্যুতে চট্টগ্রামবাসী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক জানাতে এসেছি। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার বড় সন্তান সাবেদুর রহমান সুমু। তিনি সার্বিক সহযোগিতার জন্য সিটি মেয়রসহ প্রশাসন এবং পুলিশকে ধন্যবাদ জানান।

এ সময় বক্তব্য দেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। তাঁরা মহান মুক্তিযুদ্ধে মোশাররফ হোসেনের ভূমিকা এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

এদিকে আওয়ামী লীগের বহু নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনতায় কাণায় কাণায় পূর্ণ ছিল জানাজা প্রাঙ্গণ। শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ বলে শ্লোগান দিতে থাকেন।

জানাজার পরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মরদেহ মিরসরাইয়ে নেওয়া হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।

চট্টগ্রাম-১ আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। বুধবার সকাল ১০ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইএমই/ডিজে

ksrm