সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, সোমবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী সেখানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের বিভারলি হিল সোসাইটিতে অবস্থিত তাঁর বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।



