সাফজয়ী ঋতুপর্ণার হাতে বাড়ি নির্মাণের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পার্বত্য জেলা রাঙামাটির কৃতি সন্তান ও জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে এক অনানুষ্ঠানিক আয়োজনে সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী এই ফুটবলারের হাতে গৃহনির্মাণের বিশেষ চেক তুলে দেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশন শুরুর আগে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

এর আগেও গত বছরের ৯ জুলাই ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় তারেক রহমানের পক্ষে। ওই সময় সংগঠনের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরাসরি পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেন।

ঋতুপর্ণা চাকমা দেশীয় ও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পাহাড়ি অঞ্চলের এক সাধারণ ও সংগ্রামী পরিবার থেকে উঠে আসা এই ফুটবলার নিজের মেধা, অক্লান্ত পরিশ্রম ও একনিষ্ঠ প্রতিভার জোরে আজ জাতীয় দলের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছেন। ২০২২ এবং ২০২৪ সালে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভের পেছনে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া ২০২৫ সালে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার গৌরবময় অভিযানেও তিনি অনবদ্য পারফরম্যান্স প্রদর্শন করেন।

ফুটবলে ঋতুপর্ণার এই অসামান্য সাফল্য কেবল দেশের ভাবমূর্তিকেই উজ্জ্বল করেনি, বরং পার্বত্য অঞ্চলসহ সারা দেশের সহস্রাধিক সুবিধাবঞ্চিত তরুণীকে প্রতিকূলতা জয় করে স্বপ্ন দেখার নতুন প্রেরণা জুগিয়েছে।

ksrm