চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ভোররাতে অভিযান চালিয়ে সাত মামলার আসামি মো. রিয়াজ প্রকাশ রিয়াদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের প্রস্তুতি, চুরি, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রিয়াজ বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইদ্রিস আলী, মা রোকেয়া বেগম। বর্তমানে তিনি ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ সংলগ্ন মাঝির বাড়ি এলাকায় রাজুর ভাড়াঘরে থাকতেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম জানান, রিয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী ও ইপিজেড থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সর্বশেষ ইপিজেড থানায় দায়ের করা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি।
যে সাত মামলায় আসামি
পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াজের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০২৪ সালের ২৪ এপ্রিল দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটি কোতোয়ালী থানার এফআইআর নং-৪৫ এবং জিআর নং-১৮৬।
ইপিজেড থানায় ২০২৩ সালের ২২ মার্চ দায়ের করা দুটি মামলার মধ্যে একটি এফআইআর নং-১৫, জিআর নং-৪৩। এতে দণ্ডবিধির ৪৬১ ও ৩৮০ ধারায় অভিযোগ রয়েছে। একই তারিখে দায়ের করা এফআইআর নং-১৬, জিআর নং-৪৪ মামলায় দণ্ডবিধির ৪০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ২২ আগস্ট ইপিজেড থানায় দায়ের করা এফআইআর নং-২, জিআর নং-৯৩ মামলায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫ডি ধারা, দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫২, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৪৪৭, ৪৪৮, ৩৭৯, ৩৮০, ৪২৭, ৪৩৬, ৫০৬(২), ১০৯ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ১৬ মে ইপিজেড থানায় দায়ের করা এফআইআর নং-৮, জিআর নং-৫৭ মামলায় দণ্ডবিধির ৪৬১, ৩৮০ ও ৪১১ ধারায় অভিযোগ রয়েছে।
এ ছাড়া চলতি বছরের ৬ আগস্ট ইপিজেড থানায় দায়ের করা এফআইআর নং-৪ মামলায় দণ্ডবিধির ৩০৭, ৩২৪, ৩২৩, ৩২৬, ৩৮৫ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
সর্বশেষ ১৮ আগস্ট ইপিজেড থানায় দায়ের করা এফআইআর নং-৮ মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ২২৫বি, ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। এই মামলায় রিয়াজ এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
পুলিশ জানায়, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারের পর রিয়াজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি আতিকুর রহমান।




