সাতকানিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে হত্যার চেষ্টা, আটক ১

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের আকদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এক যুবককে গুলি করা হয়েছে। পরে গুলি লাগলে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) মধ্যরাত ১টায় উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ এনায়েত আলী ফকির ওই এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি বিয়ের আকদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা এনায়েত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান হাত ও ডান উরুতে গুলি লাগে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

স্থানীয় ও স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের পরিবারের দাবি, চিকিৎসাধীন অবস্থায় এনায়েত আলী জানিয়েছেন, জিহান, কামরুল ও ছাবেরের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার পথরোধ করে হামলা চালায়। তারা প্রথমে গুলি করে, পরে ধারালো অস্ত্র, লোহার রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহতের স্ত্রী জিন্নাত আরা বেগম বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আকদ অনুষ্ঠান শেষে আমার স্বামী ও তৌহিদ নামে এক যুবক বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পর গুলির শব্দ ও হামলার খবর পেয়ে গিয়ে দেখি, তাকে গুলিবিদ্ধ ও মারধর করে ডোবায় ফেলে রাখা হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতের পরিবারের সঙ্গেও কথা বলা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

ksrm