সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের সাতকানিয়ায় সহপাঠীদের সঙ্গে টিফিনের ছুটিতে বাড়ি যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চার ঘণ্টা আইসিইউতে রাখা হয় ওই ছাত্রীকে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর রয়েল হাসপাতালে তার মৃত্যু হয়। এ খবর শুনে শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়কে নেমে বাস ভাঙচুর ও আগুন দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন তারা।

নিহত স্কুলছাত্রী ঈশা দাশ (১১) সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ছদাহা ইউনিয়নের দাশপাড়া এলাকার সুনীল দাশের মেয়ে।

নিহতের জেঠা ও ঠাকুরদীঘি পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কান্তি দাশ বলেন, দুর্ঘটনার পর ঈশাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটান হাসপাতাল লিমিটেডে নেওয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় পরে তাকে রয়েল হসপিটাল প্রাইভেট লিমিটেডের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, রোববার দুপুরে টিফিনের ছুটি হলে ঈশা সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ঈশা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম নগরীর হাসপাতালে পাঠানো হয়। পরে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

ঈশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন তারা। বিক্ষুব্ধরা দুর্ঘটনাকবলিত বাসটি ব্যাপক ভাঙচুর করেন। পরে বাসের কয়েকটি সিট খুলে মহাসড়কের ওপর এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা মহাসড়কে ফুটওভার ব্রিজ ও গতিরোধক স্থাপনের দাবি জানান। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। এতে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকেরা।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘক্ষণ অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় মামলা রুজু করা হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার পর শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এএইচ

ksrm