সাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানাবাড়ির পুকুরে ডুবে সাখাওয়াত হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে কালামিয়া পাড়ার মাওলানা আলী আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ার বাসিন্দা মোহাম্মদ শুয়াইবের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, প্রায় পাঁচ দিন আগে ঈদের ছুটি উপলক্ষে মা ও বোনদের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে সাখাওয়াত। ঘটনার দিন দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল সে। একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

তাকে উঠানে না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা ও বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বেলাল জানান, খেলতে খেলতেই দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহি উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদের ছুটিতে বেড়াতে এসে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় শিশুটি।

এএইচ/ডিজে

ksrm