চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে), টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য ও এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ নবাবের পিতা মো. আবুল বশরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিইউজে এবং ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেমুহনী এলাকায় নিজ বাসভবনে মোহাম্মদ নবাবের পিতা মো. আবুল বশর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তার বাড়ির পাশে স্থানীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ, টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) এর সভাপতি শফিক আহমেদ সাজীব ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন এবং সাতকানিয়া লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এসএম রানা এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, সিইউজের সদস্য মোহাম্মদ নবাবের পিতার মৃত্যুতে সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।




