চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস ২-২ গোলের সমতার পর ট্রাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে জয় পেয়েছে ব্রাজিল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই উপভোগ করেন সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
খেলা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দিন।
ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিলায়েন্স ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের স্বত্বাধিকারী তাহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের ব্যুরোপ্রধান গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরোপ্রধান আবুল হাসনাত এবং দীপ্ত টিভির ব্যুরোপ্রধান লতিফা আনসারী।
আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন, সংগঠনের সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য এবং মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ম্যাচে প্রথমে আর্জেন্টিনাকে এগিয়ে দেন চরণ টিপু। পরে ব্রাজিলের হয়ে সমতা ফেরান অনিক বিশ্বাস। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে কিছুক্ষণ পর সুমন গোস্বামীর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
ট্রাইব্রেকারে দুই দলই সমানতালে গোল করায় শেষ পর্যন্ত সাডেন ডেথে নিষ্পত্তি হয় ম্যাচের। সেখানে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।




