সাংবাদিকদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রী বরাবরে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের স্মারকলিপি

সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার হাতে একটি স্মারকলিপি প্রদান করেছে ইউনাইটেড প্রেসক্লাব।

সোমবার (১৭ আগস্ট) ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

স্মারকলিপিতে সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম, খুন বন্ধ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি গ্রহণের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন অনাকাঙ্ক্ষিত হয়রানি বা মামলার শিকার না হন, সে বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। আপনাদের পেশ করা ৫ দফা দাবি আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং সাংবাদিকদের অবাধে কাজ করার পরিবেশ তৈরিতে স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির পক্ষে সভাপতি শিবির আহমেদ ওসমান ও সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম স্মারকলিপিতে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন৷ দাবিগুলো হলো— সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও খুনের ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক, কাল্পনিক, মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তার এবং বর্তমানে কারাবন্দি সকল সাংবাদিককে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

কর্মক্ষেত্রে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

গণমাধ্যম দমনমূলক সকল কালো আইন বাতিল বা সংশোধন করতে হবে।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম-সম্পাদক কবির আহমেদ মানিক, মাহমুদ হায়দার জীবন, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান।

ksrm