চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারের সময় ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকদের কাছ থেকে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চট্টগ্রাম বেইসের একটি বিশেষ দল অভিযান চালায়। এসময় দেখা যায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে এক কার্গো বোট থেকে ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তর করা হচ্ছে। এসব সিমেন্টের গন্তব্য ছিল মিয়ানমার, যেখানে সেগুলো মাদকের বিনিময়ে পাচার করার পরিকল্পনা ছিল।
অভিযানে পাচারকারীদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড সবসময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও সমুদ্রপথে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে অভিযান অব্যাহত থাকবে।
এএইচ/ডিজে




